দেশব্যাপী ঘোষিত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার কর্মসূচি সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে পালিত হবে।
বৈঠকে কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি লংমার্চগুলো সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়। কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

