তামিলনাড়ুর করুরে পদদলিত হওয়ার একটি বহুল আলোচিত ঘটনার তদন্তে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। ঘটনাটি ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘটে যাওয়া করুর পদদলিত ঘটনার তদন্তের অংশ হিসেবে ১০ মার্চ ২০২৬ তারিখে বিজয়কে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এটি মামলাটির তদন্তে তৃতীয় দফা জিজ্ঞাসাবাদের উদ্যোগ বলে জানা গেছে।
তবে নির্ধারিত তারিখে হাজির হওয়ার আগে দুইটি বিষয়ে সিবিআইয়ের কাছে আবেদন করেছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। তিনি জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় চেয়েছেন এবং জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তনেরও অনুরোধ জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয় বর্তমানে বিভিন্ন রাজনৈতিক প্রচারণামূলক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। এ কারণেই তিনি সময় বৃদ্ধির আবেদন করেছেন বলে জানা গেছে।
এর আগে তাকে নয়াদিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিজয় সিবিআইকে অনুরোধ করেছেন, জিজ্ঞাসাবাদটি যেন চেন্নাই বা তার কাছাকাছি কোনো স্থানে অনুষ্ঠিত হয়, যাতে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দীর্ঘ ভ্রমণের ঝামেলা এড়ানো যায়।
এদিকে সময় বৃদ্ধি ও জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সিবিআই। সংস্থার অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, বিজয়ের রাজনৈতিক ব্যস্ততা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনা করা হচ্ছে।

