বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী জানান, গত শুক্রবার (১৪ আগস্ট) তার স্বাক্ষর ব্যবহার করে ফেসবুকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। তবে সেটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
রিজভী বলেন, কোনো স্বার্থান্বেষী মহল তার স্বাক্ষর জাল করে ওই বিজ্ঞপ্তি প্রচার করেছে। তিনি বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এর সঙ্গে বিএনপির দপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেন।
এ ঘটনায় দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের বার্তার বিষয়ে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।

