অকৃতকার্য শিক্ষার্থীদের ভালোবাসা ও সাহস দেওয়ার আহ্বান শিক্ষা মন্ত্রীর

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যারা আশানুরূপ সাফল্য পায়নি, তাদের প্রতি হতাশ না হয়ে ভালোবাসা ও মানসিক সমর্থন দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার রাজধানীর বার্ক অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, একটি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে কোনো শিক্ষার্থীর সমগ্র জীবনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করা সম্ভব নয়। ফলে জিপিএ-৫ কিংবা প্রত্যাশিত ফলাফল না পেলেও সন্তানদের প্রতি কঠোর না হয়ে তাদের স্নেহ ও ভালোবাসা দিয়ে আগামীর পরীক্ষার জন্য প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।

অভিভাবকদের মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, একটি পরীক্ষায় ভালো জিপিএ না পেলেই কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ শেষ হয়ে যায়—এই ধারণা ভিত্তিহীন। শুধুমাত্র ফলাফলের পেছনে না ছুটে শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে কতটা শিখতে পেরেছে এবং শিক্ষাব্যবস্থা তাদের কতটা দক্ষ করে তুলতে পারছে, সে বিষয়ে সবার নজর দেওয়া প্রয়োজন।

সং বক্তব্যের একপর্যায়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান মারাত্মক শিক্ষক সংকটের চিত্র তুলে ধরেন তিনি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বহু শিক্ষকের পদ শূন্য রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, দীর্ঘদিনের জটলা ও অব্যবস্থাপনার ফলেই এই শিক্ষক সংকট তৈরি হয়েছে।

একই সঙ্গে সাম্প্রতিক সময়ে এমপিওভুক্ত শিক্ষকদের পরিচালনা পর্ষদ সংক্রান্ত বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, প্রশাসনিক প্রক্রিয়া ও চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই যেকোনো বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *