প্রধান খবর

ইরানের হুমকিতে ট্রাকে করে পালালেন ট্রাম্প

ইরানের সামরিক ও গোয়েন্দা হুমকির মুখে ন্যাটোর সম্মেলন চলাকালে তুরস্কের আঙ্কারা থেকে অত্যন্ত গোপনে বিকল্প সামরিক উড়োজাহাজে করে স্থানান্তরিত হতে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সফরকালীন সুরক্ষা নিশ্চিতে তাকে একটি ক্যাটারিং ট্রাকে করে মূল বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে প্রকাশিত তথ্যানুযায়ী, কাতারের পক্ষ থেকে ট্রাম্পকে উপহার হিসেবে দেওয়া একটি নতুন এবং আধুনিক সুবিধাসম্পন্ন উড়োজাহাজে করে তিনি তুরস্কে পৌঁছান। কাতার থেকে প্রাপ্ত নতুন এই উড়োজাহাজটির এটিই প্রথম আন্তর্জাতিক সফর ছিল। তবে তুরস্ক ও ইরানের সীমান্ত সান্নিধ্য এবং ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নিরাপত্তা সংস্থা ট্রাম্পের সুরক্ষা নিয়ে উচ্চমাত্রার ঝুঁকি চিহ্নিত করে।

সর্বসাধারণকে বিভ্রান্ত করতে আঙ্কারায় ডোনাল্ড ট্রাম্পকে ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। কিন্তু বাস্তবে তাকে গোপনে রানওয়ের একটি ক্যাটারিং ট্রাকে করে মার্কিন বিমানবাহিনীর বিকল্প উড়োজাহাজ ‘C-32A’-তে পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে ট্রাম্পকে বহনকারী উক্ত গোপন উড়োজাহাজটি ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটির উদ্দেশে রওনা হয় এবং নিরাপদে অবতরণ করে। কিছু সময় পর মূল এয়ার ফোর্স ওয়ান এবং সফররত সংবাদকর্মীদের বহনকারী বিমানটি সেখানে পৌঁছায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শত্রুপক্ষের সম্ভাব্য নজরদারি ও যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতেই এই কৌশলী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রাম্পের নিরাপত্তায় সব ধরনের আগাম প্রশাসনিক ও সামরিক সতর্কতা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *