রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতিতে বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের আয়োজন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি পদে ইতোমধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম প্রকাশ করেনি।

১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে এবার দ্বিতীয়বারের মতো সরাসরি ভোটের পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন।

সাম্প্রতিক সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এবার বিরোধী জোটের প্রার্থী ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *