প্রধান খবর

বরিশালে অকটেন সংকট, সীমিত পেট্রোল বিক্রি

বরিশালে বিভিন্ন পেট্রোল পাম্পে অকটেন সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে ‘অকটেন ও পেট্রোল নেই’ লেখা নোটিশ টাঙানো হয়েছে। জ্বালানির ঘাটতির কারণে কোথাও কোথাও পেট্রোল বিক্রিও সীমিত করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ, কাশিপুর ও রূপাতলীসহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেটকারে ১০ লিটারের বেশি পেট্রোল বিক্রি করা হচ্ছে না।

রূপাতলী এলাকার একটি পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মো. মাসুদ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের সংকট হতে পারে এই আশঙ্কায় অনেকেই বেশি করে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। ফলে পাম্পগুলোতে হঠাৎ চাপ বেড়ে গেছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গত দুই দিন আগে থেকেই অধিকাংশ পাম্পে অকটেন শেষ হয়ে গেছে। রোববারের মধ্যে নতুন সরবরাহ এলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে চালকদের অভিযোগ, কিছু পাম্প মালিক সিন্ডিকেট করে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন।

কাশিপুরের একটি ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে অকটেন নেই এবং পেট্রোলের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত নির্দিষ্ট সীমার বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *