বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে পুরস্কার উপস্থাপক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই অভিনেত্রী নিজেই শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।
প্রিয়াঙ্কার এই ঘোষণার পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আবারও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় মঞ্চে ভারতীয় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে এবারের জমকালো অস্কার আসর।
এবারের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও থাকবেন হলিউডের জনপ্রিয় তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রো। বিশেষ করে ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির এই দুই তারকার একসঙ্গে মঞ্চে উপস্থিতি ভক্তদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
এর আগে চলতি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি জানান দেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ভারতীয় তারকা হিসেবে এর আগে ৯৫তম অস্কার আসরে উপস্থাপক ছিলেন দীপিকা পাড়ুকোন।

