প্রধান খবর

রুনা লায়লার পছন্দে ‘সিং উইথ লায়লা’ বিজয়ী সিডনির ইলোরা খান: মঞ্চে পরিবেশন করলেন কালজয়ী গান

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার এক বিরল ও ঐতিহাসিক সৌভাগ্য অর্জন করেছেন সিডনির প্রবাসী বাংলাদেশি শিল্পী ইলোরা খান। গত ১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’-এর বিশেষ আকর্ষণ ‘সিং উইথ লায়লা’ প্রতিযোগিতায় প্রায় ৩০ জন প্রতিযোগী থেকে রুনা লায়লা স্বয়ং ইলোরাকে বিজয়ী হিসেবে মনোনীত করেন।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর গুণী শিল্পী রুনা লায়লা ইলোরা খানকে সাদরে মঞ্চে ডেকে নেন। এর পরপরই দুই প্রজন্ম যৌথ কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংগীতের কালজয়ী সৃষ্টি ‘যে জন প্রেমের ভাব জানে না’। কালজয়ী এই শিল্পীর সঙ্গে ইলোরা খানের সুরের মেলবন্ধন মুহূর্তেই উপস্থিত দর্শক-শ্রোতাদের করতালি ও অভূতপূর্ব উচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায়, যা ছিল পুরো সাংস্কৃতিক সন্ধ্যার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।

এই অনন্য অর্জনে আবেগাপ্লুত ইলোরা খান তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ১ আগস্ট দিনটি তাঁর জীবনপটে চিরস্মরণীয় হয়ে থাকবে। বহু বছরের অনুপ্রেরণা রুনা লায়লার সরাসরি সান্নিধ্য পাওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে একই মঞ্চে কণ্ঠ মেলাতে পারা সংগীত জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে আজীবন হৃদয়ে লালন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’ ছিল প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহত্তম ও বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান দেশি-বিদেশি শিল্পীদের সমাগমে জমকালো এই আয়োজনে রুনা লায়লার সরাসরি পরিবেশনা যেমন সবাইকে বিমোহিত করেছে, তেমনি ‘সিং উইথ লায়লা’ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রবাসী প্রতিভাকে মূলমঞ্চে তুলে আনার এই যুগান্তকারী পদক্ষেপ সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে। কিংবদন্তির হাত ধরে পাওয়া এই স্বীকৃতি প্রবাসে অবস্থানরত অন্যান্য উদীয়মান শিল্পীদের জন্যও এক বড় অনুপ্রেরণার বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *