অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি)-এর উদ্যোগে গত ২ আগস্ট (রবিবার) এক জমকালো ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাদের নিয়মিত মাসিক ইসলামিক প্রোগ্রাম। বাদ মাগরিব সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতিতে আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাইয়ের বিখ্যাত নূর উল ইলম একাডেমির অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক ও ইসলামিক স্কলার শায়খ মুফতি তৌকীর। তিনি “The Lost Art of Noble Character” (উত্তম চরিত্রের হারিয়ে যাওয়া শিক্ষা) শীর্ষক বিষয়ের ওপর মূল আলোচনা উপস্থাপন করেন। তাঁর সঙ্গে আলোচনার বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন এএমডব্লিউসির খতীব হাফেজ মাওলানা আব্দুল হাদি তানভীর।
এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের ইতিহাস থেকে প্রথম হাফেজ হিসেবে উত্তীর্ণ হওয়া হাফেজ আনাস মোহাম্মদ-এর গ্র্যাজুয়েশন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। পবিত্র কোরআন সফলভাবে হেফজ সম্পন্ন করার ঐতিহাসিক স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক, সনদপত্র এবং ঐতিহ্যবাহী পাগড়ি উপহার দেওয়া হয়। শায়খ মুফতি তৌকীর, খতীব হাফেজ মাওলানা আব্দুল হাদি তানভীর এবং সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার যৌথভাবে তাঁর মাথায় পাগড়ি পরিয়ে দেন ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানটি আয়োজনে স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করেন এইচ এম হাবিবুর রহমান। তাঁর মরহুমা মায়ের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁর এই অবদানের জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
পরিশেষে নৈশভোজ, উপহার প্রদান ও সার্বিক ব্যবস্থাপনা সফল করায় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন।
অনুষ্ঠানের সমাপ্তি টেনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করেন এএমডব্লিউসির সভাপতি ড. আনিসুল আফসার। তিনি প্রবাসী মুসলিম কমিউনিটির সমৃদ্ধি, সম্প্রীতি ও একতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

