প্রতারণা মামলার পরে এবার দুইটি গাড়ি এবং প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’-র সাবেক পরিচালক আহমেদ জোবায়েরকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আদালত প্রাঙ্গণ থেকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে তাকে কড়া নিরাপত্তায় হাজির করে নিউ মার্কেট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন গ্রেপ্তার না দেখানো ও জামিন মঞ্জুরের জন্য আদালতে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী তা বাতিল করে গ্রেপ্তারের স্বপক্ষে আইনি তথ্য উপস্থাপন করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি ও নথি পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকচ করে দেন। বিষটি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী নিজেই।
মামলার বিবরণ থেকে জানা যায়, সময় টেলিভিশনে দায়িত্ব পালনকালে আহমেদ জোবায়ের নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠানের মূল তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরবর্তীতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পর প্রতিষ্ঠানের মালিকানাধীন দুটি দামি গাড়ি এবং অনিয়ম করে তুলে নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন।
পরবর্তীতে সময় টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সিটি গ্রুপ’-এর পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় নিউ মার্কেট থানার আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আহমেদ জোবায়ের। সেবারও আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন এবং তিনি এতদিন সেই প্রতারণা মামলাতেই কারাভোগ করছিলেন।

