ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর কোনো বিকল্প হতে পারে না।
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতিহলে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আর কেউ পাবে না। দেশে মুজিববাদের পতন নিশ্চিত হয়েছে, আর কখনোই এর উত্থান হবে না।” তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা ও তার স্বৈরাচারী শাসনের পতনের মূল রূপকার হলেন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহত যুদ্ধারা।
বক্তব্যে ক্ষমতাসীন দল বিএনপির তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আবারও আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতির প্রসার ঘটছে। গত দুই বছরে দেশের সার্বিক অগ্রগতির বদলে কেবল রাজনৈতিক ক্ষমতার হাতবদল ঘটেছে, যেখানে কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ায় প্রতিনিয়ত বাধা দেওয়া হচ্ছে। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও মূল্যায়নে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটের আয়োজন, জুলাই সনদের বাস্তবায়ন এবং নতুন সংবিধান রচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে একটি স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানান।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নারীশক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।

