প্রধান খবর

কেরালায় টানা বৃষ্টিতে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ অন্তত ৭

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় টানা বৃষ্টিপাত ও সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও সাতজন। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ও ক্ষতিগ্রস্তদের রক্ষায় রাজ্যজুড়ে শত শত উদ্ধার ও ত্রাণশিবির চালু করেছে প্রশাসন।

সংবাদ সম্মেলনে কেরালা রাজ্য সরকারের প্রতিনিধি ভি ডি সতীসান জানান, বৃষ্টিজনিত কারণে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে মালাপ্পুরম জেলায়। এ ছাড়া কোট্টায়ামে তিনজন, এরনাকুলামে দুজন, কোল্লামে দুজন এবং ইদুক্কি, মুভাট্টুপুঝা, কন্নুর ও কোঝিকোড়ে একজন করে প্রাণ হারিয়েছেন। কোল্লাম, কন্নুর, মালাপ্পুরম, ইদুক্কি ও মুভাট্টুপুঝা জেলায় নিখোঁজ সাতজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সোমবার সকাল পর্যন্ত কেরালাজুড়ে ৩১৬টি ত্রাণশিবিরে ১১ হাজার ১৮ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা জারি করে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, আগামী ৩ ও ৬ আগস্ট রাজ্যের বিভিন্ন এলাকায় ফের ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র চরম উত্তাল থাকার আশঙ্কায় কেরালা, কর্নাটক ও লাক্ষাদ্বীপ উপকূলে জেলেদের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ভারতীয় জাতীয় মহাসাগর তথ্যকেন্দ্র উত্তর কেরালা উপকূলে ৩.৫ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সমুদ্রতীরবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *