প্রধান খবর

যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রিয় মাতৃভূমিতে পা রেখেই তিনি সর্বস্তরের দেশবাসীর কাছে নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনুভূতি ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন বলেন, “আছি, ভালো আছি। সবার দোয়া চাই। আমার দোয়াও সবার জন্য রইল-এটাই আমার মূল কথা।”

অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। পরবর্তীতে ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে টিউমারের বাকি অংশ নিরাময়ে তাকে দীর্ঘমেয়াদি কেমোথেরাপি দেওয়া হয়। চলতি জুলাই মাসে কেমোথেরাপির শেষ ডোজ সম্পন্ন হওয়ায় চিকিৎসকদের সম্মতিক্রমে সাময়িকভাবে তাকে দেশে নিয়ে আসা হয়েছে।

ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে এবং ইমেজিং টেস্টে টিউমারের আকার আগের চেয়ে অনেকটাই ছোট হয়ে এসেছে। তবে এটিই চিকিৎসার শেষ নয়। চলতি মাসের শেষদিকেই যুক্তরাজ্যের হাসপাতালে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ক্যান ও এমআরআই নির্ধারিত রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে এ মাসের শেষের দিকেই তাকে পুনরায় লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে।

দীর্ঘ চিকিৎসাজনিত কারণে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবয়বে কিছু পরিবর্তন এসেছে এবং কথা বলায় হালকা জড়তা রয়েছে। তবুও প্রিয় নায়কের দেশে ফেরার খবরে আনন্দিত তার পরিবার, চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও কোটি ভক্ত- অনুরাগী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্ত এই বরেণ্য অভিনেতা সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন-এমনই প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *