সাধারণত পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগলেও বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ বছর বয়সী শিশু আরহাম ভূঁইয়া। মাত্র ১০ মাসেই পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে।
আরহাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের (গণি ভূঁইয়া বাড়ি) সন্তান। তার বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া। স্থানীয় ‘দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা’য় অধ্যয়নরত অবস্থায় মাত্র ১০ মাসে হেফজ সম্পন্ন করে এই বিরল কৃতিত্ব দেখায় এই খুদে শিক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আরহাম ২০২৫ সালের ১ অক্টোবর হেফজ বিভাগে ভর্তি হয়ে শিক্ষা শুরু করে এবং ২০২৬ সালের ৩০ জুন সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ শেষ করে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা প্রতিদিন ১ থেকে ২ পৃষ্ঠা মুখস্থ করে, সেখানে আরহাম প্রতিদিন শিক্ষককে ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনাত। অসাধারণ মেধা, তীব্র একাগ্রতা এবং শিক্ষকদের নিবিড় পরিচর্যার কারণেই এটি সম্ভব হয়েছে।
দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব ও শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েত উল্ল্যাহ জানান, আরহামের অসাধারণ মেধা ও নিষ্ঠা পুরো প্রতিষ্ঠানের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিশু আরহামের এই অর্জনে তার বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শিশু হাফেজ আরহাম ভূঁইয়া জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে সে এত দ্রুত হেফজ শেষ করতে পেরেছে। ভবিষ্যতে একজন হাক্কানি আলেম হয়ে সারাজীবন দ্বীন ও কোরআনের খেদমত করতে চায় সে।

