প্রধান খবর

ফেসবুকে হঠাৎ চরম বিভ্রাট, বার্তা পাঠাতে ও ফিড লোডে চরম ভোগান্তি

সামাজিক যোগাযোগমাধ্যম টেক জায়ান্ট মেটার মালিকানাধীন জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারে হঠাৎ করে চরম বিভ্রাট দেখা দিয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) রাতে ফেসবুক এবং মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহারের সময় ব্যবহারকারীরা মারাত্মক জটিলতার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে পিসি ও ব্রাউজার থেকে অ্যাকাউন্টে প্রবেশ করা বা ফিড রিফ্রেশ করতে গিয়ে সমস্যায় পড়ছেন লাখ লাখ ব্যবহারকারী।

ভোক্তা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটের পর থেকে ফেসবুকে এই সমস্যা তীব্র আকার ধারণ করে। ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে স্ক্রিনে ঝুলছে ত্রুটি বার্তা— ‘Sorry, something went wrong. We’re working on getting this fixed as soon as we can.’ এছাড়া মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান থমকে যাওয়ায় এবং ফিড রিফ্রেশ না হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের ভোগান্তি তুঙ্গে পৌঁছেছে।

এর আগেও চলতি মাসের ১৯ জুলাই (রবিবার) দুপুরের দিকে মেটার এই জনপ্রিয় সামাজিক মাধ্যমে একই ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল; যা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় স্বাভাবিক করা সম্ভব হয়। তবে আজকের টেকনিক্যাল বিভ্রাট বা সার্ভার ডাউন হওয়ার মূল কারণ সম্পর্কে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। টেক ব্যাকএন্ড টিম সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *