প্রধান খবর

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’: নীরবতা ভাঙলেন এমবাপে

টানা দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের সামনে এবার হ্যাটট্রিক ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল। তবে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হয় ফরাসিদের। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার কয়েক দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে তিনি জানান, ট্রফি জিততে না পারার বেদনা থাকলেও দলের সর্বাত্মক প্রচেষ্টার জন্য তাঁরা গর্বিত।

বিশ্বকাপজুড়ে ফরাসি সমর্থকদের অভূতপূর্ব ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা জানান ২৭ বছর বয়সী এই ফরাসি তারকা। সোমবার প্রকাশিত এক দীর্ঘ বার্তায় তিনি লেখেন, “আপনাদের ধন্যবাদ। আবেগে ভরা একটি মাস, যেখানে আমরা আমাদের ক্ষমতার শেষ সীমা পর্যন্ত চেষ্টা করেছি। ফরাসি জার্সি পরার গর্ব এবং আপনাদের সমর্থনে আমরা মাঠের লড়াই চালিয়েছি।”

বর্তমানে ছুটিতে থাকা রিয়াল মাদ্রিদ তারকা স্বীকার করেন যে শিরোপা না জিতার কষ্ট সহজে মুছে যাওয়ার নয়। তিনি লেখেন, “আমরা ট্রফিটি জিততে পারিনি, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি মিথ্যা বলব না, এই কষ্ট আরও কিছুদিন থাকবে। কিন্তু গল্প কীভাবে শেষ হবে তা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না; তবে আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি।”

টুর্নামেন্টে ১০টি গোল করে এককভাবে ‘গোল্ডেন বুট’ জয় করা এমবাপে এই ব্যক্তিগত অর্জনকে পুরো দলের কৃতিত্ব হিসেবে উল্লেখ করেছেন। ৩টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা ও ১টিতে শিরোপা জয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ছোটবেলায় একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখলেও এবার অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। দেশ-বিদেশের লাখ লাখ সমর্থক, সময় ব্যবধান ভুলে মাঝরাতে খেলা দেখা অনুরাগী এবং ব্যাকরুম স্টাফ ও কোচ দিদিয়ার দেশমকেও ধন্যবাদ জানান তিনি।

সবশেষে অদম্য প্রত্যয় প্রকাশ করে এমবাপে বলেন, “বিশ্বকাপের এই আসর শেষ হলেও ফরাসি ফুটবলের গল্প থামবে না। সামনে আরও নতুন ম্যাচ ও নতুন সন্ধ্যা আসবে, যেখানে আমরা একই ইচ্ছা নিয়ে আবারও মাঠে ফিরব। আমাদের যাত্রা এখনই শেষ হচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *