প্রধান খবর

পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ভোলার চরফ্যাশনে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মো. লাবিব মাহমুদ খান (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফুটবল খেলা চলাকালে বন্ধুদের সঙ্গে পাশের পুকুরে নামলে এই করুণ দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন ডাকবাংলোর পুকুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত লাবিব মাহমুদ খান চরফ্যাশন সরকারি টি.ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের একমাত্র ছেলে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার স্কুল মাঠে ষষ্ঠ ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলা চলাকালীন প্রচণ্ড গরমে বেশ কয়েকজন শিক্ষার্থী পাশের ডাকবাংলোর পুকুরে গোসল করতে নামে। এ সময় লাবিবও তাদের সঙ্গে পানিতে নামলে একপর্যায়ে গভীরে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে আর খুঁজে না পেয়ে তাৎক্ষণিক বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগমকে জানায়। তিনি কালবিলম্ব না করে ফায়াস সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে লাবিবকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। নিহতের স্বজনরা জানান, লাবিব সাঁতার জানত না।

খবর পেয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাঁর উপস্থিতিতেই উদ্ধার অভিযান সম্পন্ন হয়। সম্ভাবনাময় এক মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গণ ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *