ইরান-এ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে ক্রীড়াঙ্গনেও পড়েছে; স্থগিত হয়েছে ঘরোয়া ফুটবল লিগ এবং আঞ্চলিক কিছু প্রতিযোগিতা।
আগামী জুনে ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-তে। গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর। গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ায় অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা ‘অসম্ভব’ মনে হচ্ছে; তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়া কর্তৃপক্ষ নেবে।
এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে। ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, নিরাপদ পরিবেশে বিশ্বকাপ আয়োজনই তাদের প্রধান লক্ষ্য এবং আয়োজক দেশগুলোর সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, ইরান শেষ পর্যন্ত অংশ না নিলে এশিয়া অঞ্চল থেকে পরবর্তী যোগ্যতাপ্রাপ্ত দল বিকল্প হিসেবে সুযোগ পেতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতির উন্নতি ও কূটনৈতিক অগ্রগতির ওপরই নির্ভর করছে ইরানের চূড়ান্ত সিদ্ধান্ত।

