জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোববার রাজধানীর পল্লবী থানা-য় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
থানা সূত্রে জানা যায়, মামলায় জাহের আলভী ছাড়াও তার কথিত প্রেমিকা ইফফাত আরা তিথি এবং পরিবারের আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ গ্রহণের পর তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাজধানীর বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরিবারের পক্ষ থেকে নির্যাতন ও পরকীয়াজনিত মানসিক চাপের অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলভী ও ইকরা। ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

