প্রধান খবর

সালমানের পর এবার শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের খোলাখুলি সমর্থন

বিতর্কিত ‘নিট-ইউজি’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে ভারতে চলমান শিক্ষার্থীদের ‘সিজেপি’ আন্দোলনে এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। সালমান খান ও আর মাধবানের পর শিক্ষার্থীদের পক্ষে কথা বলা তারকাদের তালিকায় যুক্ত হলেন তিনিও। একটি স্বচ্ছ ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সোচ্চার হওয়া তরুণদের অদম্য সাহস ও দৃঢ় সংকল্পের ভূয়সী প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন নোট প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় আলিয়া ভাট লেখেন, “গত কয়েকটা দিন আমার হৃদয় ভেঙেছে, আবার নতুন করে আশার আলো জ্বালিয়ে তা জোড়াও লেগেছে।” তিনি আরও উল্লেখ করেন, রাজপথে নিজের দাবিতে অটল থাকা প্রতিটি তরুণের পেছনে রয়েছে একটি করে সুনির্দিষ্ট স্বপ্ন, পরিবারের অনাবিল আশা এবং অগণিত ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের ভবিষ্যতের কথাই ভাবছে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও ন্যায়সংগত পথ তৈরি করছে।

সমাজকে শিক্ষার্থীদের এই লড়াই থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই তরুণদের সাহস ও আত্মপ্রত্যয় পুরো সমাজকেই একটা বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে- যারা আগামীতে এই দেশের হাল ধরবে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?

আলিয়া ভাটের এই প্রতিক্রিয়াটি আসে আরেক জনপ্রিয় তারকা সালমান খানের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তার ঠিক পরদিনই। আন্দোলনে সহিংসতার সৃষ্টি হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সালমান লিখেছিলেন, আন্দোলনটি শান্তিপূর্ণ থাকা অবস্থাতেই তিনি এর তীব্র মানসিক শক্তি দেখেছিলেন। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের তরুণরা যে সুশিক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে চলা শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সরব হয়েছেন। আর মাধবান, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ইমরান খান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন ও রিতেশ দেশমুখের মতো জনপ্রিয় তারকারা শুরু থেকেই শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *