প্রধান খবর

মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিহার থেকে মূল অভিযুক্ত বিজেন্দ্র গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে বহুল আলোচিত শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল পরিকল্পনাকারী বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে থানে সিটি পুলিশ। শনিবার (২৫ জুলাই) তাকে গ্রেপ্তারের পর বিমানে করে পুনেতে নিয়ে আসা হয়। সেখান থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে ভিওয়ান্ডিতে নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা বিজেন্দ্র ছদ্মনামে বিহারে আত্মগোপন করেছিলেন। পুলিশ জানিয়েছে, বিজেন্দ্রই ‘মহারাষ্ট্র টিইটি-২০২৬’ প্রশ্নফাঁসের মূল কারিগর। এর আগে বিশেষ তদন্ত দল (এসআইটি) উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানার তিন কর্মীকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, মাত্র আট হাজার টাকার বিনিময়ে ওই কর্মচারীদের দিয়ে প্রশ্নপত্র ফাঁস করিয়েছিলেন বিজেন্দ্র। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলার অন্যতম প্রধান পলাতক আসামিকে আইনের আওতায় আনা হলো।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ভিওয়ান্ডির এক বাসিন্দার কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ওপর ভিত্তি করে প্রথমে কয়েকজন মধ্যস্বত্বভোগীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিহার ও হরিয়ানা থেকে আরও কয়েকজনকে আটকের পর তদন্তের পরিধি বিস্তৃত হয় এবং আগ্রার ছাপাখানাটিকে জালিয়াতির উৎস হিসেবে শনাক্ত করা হয়। অভিযানে এক আসামির কাছ থেকে তিনটি জীবন্ত কার্তুজ উদ্ধারের ঘটনাটি তদন্তে নতুন মোড় এনেছে।

এদিকে প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসার পর রাজ্য জুড়ে শিক্ষার্থী সংগঠনগুলোর প্রতিবাদ তুঙ্গে উঠেছে। তারা রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে। রাজ্য সরকার এখনো পরীক্ষার নতুন কোনো তারিখ ঘোষণা করেনি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *