মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব সামরিক সক্ষমতা জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলায় ব্যবহৃত হয়েছিল।
আলজাজিরার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেন্টকমের দাবি অনুযায়ী, জর্ডানে শুক্রবার (১৭ জুলাই) মার্কিন সেনাদের ওপর হামলায় জড়িত বলে অভিযুক্ত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদস্যদেরও এ অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে জর্ডানে সংঘটিত হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া আহত চার সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন বলে সেন্টকম জানিয়েছে।
অন্যদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি সেনা আহত হয়েছেন।

