প্রধান খবর

পর্তুগালে সশস্ত্র হামলা, গুলিবর্ষণে ৪ বাংলাদেশি আহত

লিসবন শহরে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিবর্ষণে চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বাঙালি অধ্যুষিত বেনফররমোচা রোডের উজান ভাটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুই থেকে তিনজন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে রেস্টুরেন্টের সামনে থামে এবং দ্রুত ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেস্টুরেন্টের ভেতরে থাকা লোকজন প্রাণ বাঁচাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কেউ টেবিলের নিচে বা রান্নাঘরে আশ্রয় নেন। আহতদের মধ্যে রেস্টুরেন্ট কর্মচারী ও কয়েকজন ক্রেতা রয়েছেন।

চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং ভিড়ের চাপে কেউ কেউ আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের অবস্থা স্থিতিশীল।

ঘটনার পরপরই পিএসপি এলাকা ঘিরে ফেলে। ফরেনসিক টিম আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হামলা। ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক দ্বন্দ্ব বা সংঘবদ্ধ অপরাধচক্র—কোনটি এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ দূতাবাস লিসবন জানিয়েছে, তারা আহতদের খোঁজখবর নিচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রয়োজন হলে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। দূতাবাস প্রবাসীদের শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *