ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি মশা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগর ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ডিএসসিসি এলাকায় মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রশাসকের নির্দেশে এ সভা আহ্বান করা হয়।
সভায় মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা, সঠিক পদ্ধতিতে প্রয়োগ এবং মাঠপর্যায়ে কঠোর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিভাগকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এডিস মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে অবহেলা, ব্যর্থতা বা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি নিজেও সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানান। আগামীকাল থেকে ডিএসসিসির ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে ১০ দিনের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ চালু হবে, যেখানে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, করপোরেশন সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

