থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের কালাসিন প্রদেশে প্রায় ১৫ কোটি বছর আগের একটি নতুন ডাইনোসর প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছেন দেশটির গবেষকরা। জীবাশ্ম বিশ্লেষণের পর নতুন এ উদ্ভিদভোজী ডাইনোসরের নাম রাখা হয়েছে উরাগাসরাস কালাসিনেনসিস।
গবেষকদের মতে, জুরাসিক যুগের শেষভাগে পৃথিবীতে বিচরণকারী এ ডাইনোসরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২০ মিটার। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অস্বাভাবিক দীর্ঘ গলা। ২০০৮ সালে স্থানীয় এক ব্যক্তি জীবাশ্মের টুকরো খুঁজে পাওয়ার পর এলাকাটিতে গবেষণা শুরু হয় এবং পরে ব্যাপক খননকাজে বিপুল পরিমাণ হাড়, দাঁত ও অন্যান্য জীবাশ্ম উদ্ধার করা হয়।
সিটি স্ক্যান বিশ্লেষণে গবেষকরা নিশ্চিত হন, এটি দীর্ঘ গলাবিশিষ্ট ম্যামেনচিসরিডি পরিবারের একটি সরোপড ডাইনোসর। তবে এর কশেরুকার গঠন ও হাড়ের বিশেষ বৈশিষ্ট্য বিশ্বের পরিচিত অন্য কোনো ডাইনোসরের সঙ্গে মিল না থাকায় এটিকে সম্পূর্ণ নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Nature Scientific Reports-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের আশা, এই আবিষ্কার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডাইনোসরের বিবর্তন ও প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

