আলজেরিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ১০০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে। এরই মধ্যে রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ।
কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্রারিয়া জেলার এতিমখানায় দীর্ঘ সময় ধরে চালু থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এয়ার কন্ডিশনার) ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। এদিকে দেশজুড়ে চলমান দাবানলের কারণে বনাঞ্চল, কৃষিজমি ও খেজুর বাগানের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ১১১টি দাবানলের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫টি নিয়ন্ত্রণে এলেও ১৮টি প্রদেশে এখনও ৪৬টি দাবানল সক্রিয় রয়েছে। বিভিন্ন এলাকায় বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং ভূমি ব্যবস্থাপনার পরিবর্তনের কারণে উত্তর আফ্রিকায় দাবানলের ঝুঁকি ক্রমেই বাড়ছে। চলতি বছর ইতোমধ্যে আলজেরিয়ায় ২১ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে, যা আগের বছরের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

