প্রধান খবর

দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক

দায়িত্ব পালন করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে মারা গেছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক (২৬)। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় কচুরিপানা অপসারণের কাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। প্রায় আট ঘণ্টার উদ্ধার অভিযানের পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের সদস্যরা স্পিডবোটের মাধ্যমে নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় স্পিডবোটের সামনের অংশে অবস্থানরত ডুবুরি সাদিক ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সাদিক অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামের বাসিন্দা সাদিক ২০২১ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন এবং ২০২২ সালে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে পদায়ন পান। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও দক্ষতার জন্য তিনি সহকর্মীদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ গত বছর তিনি ‘সেরা ডুবুরি’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা ও পদক লাভ করেন।

তার মৃত্যুতে ফায়ার সার্ভিসের সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *