কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ও কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্যের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে।
আলোচনা সভায় ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, বর্তমান পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর কুমিল্লায় ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, অভিযুক্তদের গ্রেপ্তারে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এর জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কোনো অভিযোগ উপস্থাপনের ক্ষেত্রে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। তিনি বলেন, এটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার স্থান নয় এবং আইন অনুযায়ী তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত অপছন্দের কারণে কাউকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করা সমীচীন নয়।
নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ তুলে পুলিশ সুপার বলেন, তিনি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া পুলিশ বাহিনীর বিরুদ্ধে ঢালাও মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্য সময় প্রয়োজন এবং বিচারহীনতার অভিযোগও পুরোপুরি সঠিক নয়। বিভিন্ন আলোচিত মামলায় বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব অনুযায়ী কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

