৪৫ বছর পর রাজধানীর ডিওএইচএসে গ্রেপ্তার মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে কোর্ট মার্শালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তদন্তে ওই হত্যাকাণ্ডে মোজাফফর হোসেনের সম্পৃক্ততার অভিযোগ উঠে। ঘটনার পর তিনি পলাতক হয়ে যান এবং দীর্ঘ সময় দেশের বাইরে আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *