রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ জানায়, আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার এসআই আরিফ মোহাম্মদ জানান, দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য উত্তরা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

