শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে সাম্প্রতিক ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পদার্থবিজ্ঞান (প্রথমপত্র), হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, বৃষ্টিপাতের কারণে অনেক পরীক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারেনি এমন অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন জেলার পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন প্রশ্নপত্রের সেট ব্যবহার করে ওই তিন বিষয়ের পরীক্ষাও পুনরায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও প্রশাসনের মতামতের ভিত্তিতেই নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরীক্ষার দিন সকালে কিছু এলাকায় আকস্মিক জলাবদ্ধতা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও করা হয়।

