প্রধান খবর

‘যুক্তরাষ্ট্রের আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত’ হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও শত্রুতার অবসান না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনীর এই প্রভাবশালী শাখাটি ওয়াশিংটনকে কড়া বার্তা দেয়।

আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার মিথ্যা অজুহাত তুলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে প্রকৃতপক্ষে এটি মার্কিন প্রশাসনের একটি রাজনৈতিক চাল। আইআরজিসির মতে, নিজেদের নানামুখী ‘ব্যর্থতা ও অক্ষমতা’ বিশ্ববাসীর সামনে আড়াল করতেই ওয়াশিংটন ইরানের ওপর এই আগ্রাসী পদক্ষেপ নিয়েছে।

বিবৃতিতে ইরানের পক্ষ থেকে আরও জোর দিয়ে বলা হয়, তেহরানের আরোপ করা নৌ অবরোধ অমান্য করে কোনো জাহাজই হরমুজ প্রণালিতে প্রবেশের দুঃসাহস দেখায়নি। এমনকি কোনো আন্তর্জাতিক বা বাণিজ্যিক জাহাজই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই জলপথ দিয়ে চলাচলের কোনো রকম চেষ্টাও করেনি।

আইআরজিসি আরও দাবি করেছে, অবরোধের কঠোর নিয়ম মেনে চলার কারণে ওই অঞ্চলে কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি। তবে জলপথে মার্কিন যুদ্ধজাহাজের উসকানিমূলক উপস্থিতি বন্ধ না হওয়া এবং তেহরানের ওপর ওয়াশিংটনের বৈরী আচরণের অবসান না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ প্রণালিটি অবরুদ্ধই থাকবে। এই ঘোষণার পর জ্বালানি তেলের অন্যতম প্রধান এই আন্তর্জাতিক রুটটিতে নতুন করে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *