বরিশাল সফরকালে পথিমধ্যে গাড়ি থামিয়ে একদল স্কুলশিক্ষার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর পথে বাবুগঞ্জ উপজেলার সাতমাইল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে অপেক্ষমাণ শিক্ষার্থীদের দেখে তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীদের অনুরোধে তাদের একজনের মোবাইল ফোনে সেলফি তোলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের সঙ্গেও সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ব্যাডমিন্টন সেট, দাবাসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
এর আগে একই দিনে গৌরনদীর বাটাজোরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন।

