প্রধান খবর

অ্যান্টার্কটিকায় বাংলাদেশের ইউটিউবারদের ঐতিহাসিক পদচারণা

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভ্রমণপ্রেমী নিলয় কুমার বিশ্বাস। তাঁদের এই অভিযান দেশের ভ্রমণভিত্তিক ডিজিটাল কনটেন্ট অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তাঁরা আর্জেন্টিনার দক্ষিণতম শহর উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করে ডাচভিত্তিক প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস পরিচালিত অভিযানে অংশ নেন। দক্ষিণ মহাসাগর অতিক্রম করে তাঁরা অ্যান্টার্কটিক উপদ্বীপ ও মূল ভূখণ্ডের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। বরফে আচ্ছাদিত পর্বতমালা, বিশাল হিমবাহ ও অনন্ত শুভ্র প্রান্তর তাঁদের অভিযাত্রাকে করে তোলে অভূতপূর্ব।

অভিযানের অংশ হিসেবে তাঁরা ফকল্যান্ড ও সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জও সফর করেন, যেখানে পেঙ্গুইন কলোনি, সিল ও বিভিন্ন সামুদ্রিক পাখির উপস্থিতি তাঁদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। প্রকৃতির অনাবিল রূপ তাঁরা ভিডিওচিত্রে ধারণ করেছেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।

এই ব্যয়বহুল অভিযানে প্রধান সহযোগী হিসেবে যুক্ত রয়েছে টার্কিশ এয়ারলাইনস, আর বাংলাদেশের শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেট প্রধান সহযোগী হিসেবে পাশে রয়েছে।

অ্যান্টার্কটিকায় পৌঁছানোর অনুভূতি প্রকাশ করে সালাহউদ্দিন সুমন বলেন, এটি তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বাংলাভাষায় এই অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে দেশের দর্শকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। নিলয় কুমার বিশ্বাসও এ অভিজ্ঞতাকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং ভ্রমণ হিসেবে পরিচিত অ্যান্টার্কটিকা অভিযানে অংশ নিয়ে তাঁরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক ভ্রমণচর্চায় উদ্বুদ্ধ করবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *