প্রধান খবর

মার্কিন বিমান হামলায় ইরানের ৮ সেনা নিহত, ভূপাতিত করা হয়েছে এমকিউ-৯ ড্রোনের দাবি

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের জেরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে আইআরএনএ জানায়, দক্ষিণ ইরানের আব্বাস ও বুশেহর বন্দরে পরিচালিত হামলায় ইরানি সেনাবাহিনীর বিমান ও নৌবাহিনীর সদস্যরা নিহত হন। হামলায় নিহতদের সবাই দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাবিকদের বহনকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের এ ধরনের পদক্ষেপ অযৌক্তিক এবং এটি চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি দাবি করেছে, বুধবার ভোরে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমোজ এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

আইআরআরবির প্রতিবেদনে বলা হয়, বুশেহর প্রদেশের আকাশসীমায় মার্কিন বাহিনীর অনুপ্রবেশের পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটি ভূপাতিত হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *