বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করার রাতটি শুধু পর্তুগালের জন্য নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও ছিল স্মরণীয়। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি না জিতলে তাঁর পথচলা সেখানেই থেমে যেত। কিন্তু লুকা মদরিচদের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ের পর ব্রাজিলের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন পর্তুগিজ অধিনায়ক। .
ম্যাচ শেষে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “ব্রাজিলের মানুষের সঙ্গে কথা বলাটা আমার কাছে সবসময়ই শতভাগ স্পেশাল। শুধু সেখানে আমার পরিবার আছে বলেই নয়, ব্রাজিলের মানুষকে আমি সত্যিই খুব পছন্দ করি।”
ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “পুরো ক্যারিয়ারজুড়েই ব্রাজিলিয়ানদের কাছ থেকে অঢেল ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এই সুযোগে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। এখানে আসতে পারাটা দারুণ আনন্দের।”
ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালের হয়ে নকআউট পর্বের জট খোলেন রোনালদো। সেই গোলই পর্তুগালের প্রত্যাবর্তনের পথ তৈরি করে দেয়।

