রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও বেশি থাকায় ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না। তবে ডিম ও গরুর মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং ডিম আগের দামে বিক্রি হচ্ছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিমের দাম ১০০ থেকে ১১০ টাকার মধ্যে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বাড়ার কারণে মুরগির দাম বাড়ছে। মাছের বাজারেও একই চিত্র রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া সবকটির দামই আগের তুলনায় বেশি।

