প্রধান খবর

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আট দিন পর অলৌকিক উদ্ধার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের নিচে আট দিন আটকে থাকার পর হার্নান গিল নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা গিলকে শনাক্ত করতে লেগেছে ১০০ ঘণ্টারও বেশি সময়। এরপর চিলি ও কোস্টারিকার উদ্ধারকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় তাকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে।

ভূমিকম্পের সময় গিল ক্যাটিয়া লা মারের গ্যালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিং মলের সংলগ্ন পার্কিং লটের বেসমেন্টে একটি ছোট কংক্রিটের বুথে দায়িত্ব পালন করছিলেন। ভবনটি ধসে পড়লেও সেই বুথটি তার চারপাশে সুরক্ষাবলয় তৈরি করে। ফলে ভয়াবহ ধ্বংসস্তূপের নিচেও তিনি নিরাপদ ছিলেন। উদ্ধারকারীদের তিনি জানিয়েছেন, তার একটি নখও থেঁতলে যায়নি।

চিলির উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এটি তাদের সবচেয়ে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন অভিযানের একটি ছিল। কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল বলেন, এত কঠিন পরিস্থিতি থেকেও গিল প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন। প্রথমে গিলের অবস্থান শনাক্ত করেন উদ্ধারকারী মাদ্রিগাল। তিনি জানান, প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি এবং নিশ্চিত হওয়ার জন্য সহকর্মীর সহায়তা নেন।

উদ্ধারকারীরা আরও জানান, গিলের কাছে পৌঁছানোর জন্য যে প্রবেশপথ তৈরি করা হয়েছিল, তার কিছু অংশ কয়েকবার ধসে পড়ে। এতে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে ওঠে এবং সময়ও বাড়ে।

সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ ভূমিকম্পকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, এমন পরিস্থিতির কথা তারা কখনো কল্পনাও করেননি এবং ভবিষ্যতেও সাধ্যমতো, এমনকি তার চেয়েও বেশি করার চেষ্টা চালিয়ে যাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *