রাজবাড়ী শহরের বিনোদপুর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বাজারের ব্যাগের ভেতর থেকে এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে রাজবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়লার স্তূপে বোতল সংগ্রহ করতে গিয়ে মো. হাবিবুর রহমান একটি বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে রক্তমাখা কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নবজাতকের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা জানান, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হতে পারে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কাপড়ে মোড়ানো অবস্থায় বাজারের ব্যাগের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

