প্রধান খবর

সব ধর্মের মানুষের নিরাপত্তায় পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামের এসপি

বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বুধবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন থাকার এবং যেকোনো পরিস্থিতিতে পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার পরামর্শ দেন।

সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *