ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে তেহরানে ফ্লাইট চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। ঘোষণায় জানানো হয়েছে, জানাজার আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে আকাশপথে বিমান চলাচল সীমিত রাখা হবে।
সংস্থাটির প্রধান আবুজার শিরুডি জানান, শুক্রবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। একই সঙ্গে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণ যাত্রীদের জন্য চালু থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী সোমবার জানাজার দিন তেহরানের আকাশে কোনো বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হবে না। ওই দিন রাজধানীর দুটি প্রধান বিমানবন্দর থেকেই সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে।
জানা গেছে, আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাশাপাশি ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

