পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতিপ্রেম গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ অলিম্পিয়াড’। শনিবার (২৭ জুন) রাজধানীর মানিকনগরের মজার ইশকুল ক্যাম্পাসে ‘গ্রিন মাইন্ডস, ব্রাইট ফিউচার’ প্রতিপাদ্যে এ আয়োজন করে ব্রেথ অব ন্যাচার (বন) ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রকৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি শিক্ষার্থীদের সামনে মাউন্ট এভারেস্ট জয় অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি এভারেস্ট অভিযানের একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয় এবং শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের মধ্যে প্রকৃতিবান্ধব মানসিকতা গড়ে তুললেই টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
আয়োজকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল মজার ইশকুল এবং নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল কিশোর আলো।

