প্রধান খবর

ফুটবল বিশ্বকাপের বড় চমক কেপ ভার্দে, শেষ ৩২-এ প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বৈশ্বিক ফুটবল মঞ্চে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে (শেষ ৩২ দলের রাউন্ড) জায়গা করে নিয়েছে আটলান্টিক মহাসাগরের ক্ষুদ্র দ্বীপদেশ কেপ ভার্দে। আর মহানাটকীয় এই যাত্রায় শেষ ৩২-এর লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তেদের মুখোমুখি হবে এই বিস্ময়কর দলটি।

জনসংখ্যার বিচারে বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। মাত্র সাড়ে ৫ লাখ মানুষের এই দেশ এবারই প্রথম বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল দুনিয়াকে। শক্তিশালী ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ খেলে একটিতেও হারেনি তারা। হিউস্টনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে আফ্রিকার এই প্রতিনিধিরা।

গ্রুপ পর্বে কেপ ভার্দে যেভাবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়েকে রুখে দিয়েছে, তা আর্জেন্টিনার থিংক ট্যাংকের জন্য নিশ্চিতভাবেই চিন্তার কারণ হবে। শক্তিশালী স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মতো পরাশক্তিকে ২–২ ব্যবধানে আটকে দেয় তারা। ফলে মেসিবাহিনীকে এই ম্যাচ নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

এদিকে গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ আধিপত্য বিস্তার করে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৪২ মিনিটে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনার শটে জয়সূচক গোলটি আসে। অবশ্য এই গোলে উরুগুয়ের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার মারাত্মক ভুল ছিল। প্রথমার্ধেই এই ভুলের খেসারত হিসেবে মুসলেরাকে মাঠ থেকে তুলে নেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের শেষভাগে ৮৯ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখলে তাদের ফেরার সব আশা শেষ হয়ে যায়।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এর লড়াইয়ে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেই গ্রুপ থেকে অস্ট্রিয়া নাকি আলজেরিয়া স্পেনের প্রতিপক্ষ হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, এই হারের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো উরুগুয়ে। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে সবার আগে বিদায় নিলো এই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানিতে থাকা সৌদি আরবও ঘরের পথ ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *