বিশ্বকাপের মাঠে ম্যাচসেরা হওয়া একজন ফুটবলারের ব্যক্তিগত অর্জনের অন্যতম বড় মুহূর্ত। ম্যাচ শেষে আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে ট্রফি হাতে তোলা সেই পরিচিত দৃশ্যই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে এবার সেই দৃশ্যেই সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরা পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো মুসলিম খেলোয়াড় ম্যাচসেরা হলে পুরস্কার গ্রহণের সময় মঞ্চের পেছনে থাকা স্পন্সর বোর্ড থেকে অ্যালকোহল-সংশ্লিষ্ট ব্র্যান্ডিং সরিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ, পুরস্কার প্রদানের মুহূর্তে অ্যালকোহল ব্র্যান্ডের লোগো দৃশ্যমান থাকছে না। অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে অবশ্য প্রচলিত নিয়মই বহাল রয়েছে।
বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ইতোমধ্যেই এই পরিবর্তন দেখা গেছে। মুসলিম খেলোয়াড়দের পুরস্কার প্রদানের সময় স্পন্সর বোর্ডে অ্যালকোহল ব্র্যান্ডের অনুপস্থিতি ফুটবলবিশ্বে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, ফিফার এই পদক্ষেপ বৈশ্বিক ফুটবলের বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

