ভিনিসিয়ুস জুনিয়র এবার বিশ্বকাপে এমন এক কীর্তি গড়লেন, যা দুই দশকেরও বেশি সময় ধরে দেখা যায়নি। মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই ম্যাচে গোল করার পর স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি টানা তিন গ্রুপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়েছেন। এই ধারাবাহিকতা তাকে ব্রাজিলের ফুটবল ইতিহাসের অভিজাত তালিকায় তুলে দিয়েছে।
শেষবার এমন কীর্তি দেখা গিয়েছিল ২০০২ বিশ্বকাপে, যখন রোনালদো নাজারিও ও রিভালদো গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। তারও আগে ১৯৭০ সালে জাইরজিনহো এবং ১৯৯৪ সালে রোমারিও একই অর্জন করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো এই তিন আসরেই ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ফলে ফুটবলবিশ্বে এখন নতুন করে প্রশ্ন উঠছে, ভিনিসিয়ুসের এই ধারাবাহিকতা কি ব্রাজিলকে হেক্সার পথে এগিয়ে দিচ্ছে?
পরিসংখ্যান বলছে, মাত্র চারজন কিংবদন্তির পর এবার ভিনিসিয়ুস সেই তালিকায় নাম লিখলেন। তার গতি, ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং ম্যাচে প্রভাব বিস্তার করার দক্ষতা ব্রাজিলের আক্রমণভাগকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সমর্থকদের আশা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ব্রাজিল আবারও শিরোপা ছুঁয়ে দেখবে।

