চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেলে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারেও এটি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে গত ২২ জুন চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর তিনি বেইজিংয়ে পৌঁছেছেন।

