মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানির শুরুতে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এর আগে গত ১৭ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন দমনে কঠোর পদক্ষেপের পক্ষে ভূমিকা রেখেছিলেন দুই নেতা। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তাদের পরিকল্পনা ও প্ররোচনার ফলে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যাতে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।

