সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপ আরও বাড়িয়ে এবার দল থেকেই তাকে কার্যত অপসারণ করেছে বিদ্রোহী শিবির।
সোমবার বিকেলে কলকাতার নিউটাউনের একটি অভিজাত হোটেলে বৈঠক শেষে বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে অপসারণ করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই সিদ্ধান্তের নেতৃত্বে ছিলেন বিধায়ক অরূপ রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এর আগে বিধানসভায় বাজেট অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা নিউটাউনের ওই হোটেলে বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন দলের ৬০ জন বিধায়ক এবং কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর। দীর্ঘ বৈঠক শেষে ঘোষণা করা হয় ৩০ সদস্যের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
নতুন কমিটিতে দলের চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য পর্যায়ে তিনজনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খান (সাধারণ সম্পাদক ১), সন্দীপন সাহা (সাধারণ সম্পাদক ২) এবং সাবিনা ইয়াসমিন (সাধারণ সম্পাদক ৩)।
বিদ্রোহীদের এই সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেসের ভেতরকার সংকট আরও গভীর হলো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হলো।

