প্রধান খবর

কুয়ালালামপুরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান

বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর সম্মান প্রদর্শনের সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জুবাইদা রহমানকে।

বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকাও উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের ‘শাংরি-লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ও তার সফরসঙ্গীরা অবস্থান করবেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

এর আগে বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। দেশে ফেরার কথা রয়েছে ২৬ জুন।

কূটনৈতিক মহল মনে করছে, ঢাকা-কুয়ালালামপুর-বেইজিংয়ের এই সফর তিন দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করবে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে এর মধ্যে রয়েছে প্রায় ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *